ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার কয়েকটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে চট্টগ্রাম-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রামরাইল ইউনিয়নের বাসিন্দারা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে রামরাইল ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েকশ বাসিন্দা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। তাঁরা সেখানে মানববন্ধন ও বিক্ষোভ করেন এবং প্রস্তাবিত উপজেলা গঠনের উদ্যোগের প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল, সুলতানপুর ও বাসুদেব ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের পরিকল্পনা করা হচ্ছে। এ পরিকল্পনার জন্য জেলা বিএনপির নেতা ও ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান কবীর আহমেদ ভূঁইয়াকে দায়ী করেন তাঁরা।
বক্তারা বলেন, বাসুদেব, রামরাইল ও সিঙ্গারবিলসহ কয়েকটি ইউনিয়নকে নিয়ে ষড়যন্ত্র চলছে বলে তাঁরা মনে করেন। এ উদ্যোগ তাঁরা প্রতিহত করতে চান। ব্রাহ্মণবাড়িয়ার প্রাণকেন্দ্র রামরাইল। পাঁচটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা সফল হতে দেওয়া হবে না। সুলতানপুর, বাসুদেব ও সিঙ্গারবিলের বাসিন্দারা ‘বরিশল’ উপজেলার অংশ হতে চান না বলেও দাবি করেন তিনি।
বক্তারা আরো বলেন, তিনটি উপজেলা থেকে পাঁচটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগের প্রতিবাদে তাঁরা রামরাইল বাজার বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করছেন। উপজেলা গঠনের প্রস্তাব থেকে সরে না আসা পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে। চার ইউনিয়নের বাসিন্দারা যেকোনো মূল্যে এ উদ্যোগ প্রতিহত করবেন বলেও তিনি জানান।
মানববন্ধনে লিখিত বক্তব্যে বলা হয়, রামরাইল ও সুলতানপুরকে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে অন্য কোনো থানার অধীনে নেওয়ার প্রস্তাব তাঁরা মেনে নেবেন না। ব্রাহ্মণবাড়িয়া সদর তাঁদের পরিচয়, গর্ব ও অহংকার উল্লেখ করে তিনি বলেন, এলাকার মানুষের মতামত ও স্বার্থ উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তাঁরা প্রতিবাদ জানাবেন।
