The voice of Brahmanbaria || Local news means the world is

ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগ: বনানী থানায় আত্মসমর্পণের পর বিজয়নগরের প্রাণেশকে আদালতে পাঠিয়েছে পুলিশ

ফেসবুকে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকার বাসিন্দা প্রাণেশ মোদককে আদালত পাঠিয়েছে পুলিশ।
এর আগে রবিবার প্রাণেশ মোদক ঢাকার বনানী থানায় আত্মসমর্পণ করলে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়। এরপর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে প্রাণেশ মোদকের ফেসবুক আইডি থেকে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়া হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার এ পোস্ট ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে তিনি বনানী থানায় আত্মসমর্পণ করেন। তবে প্রাণেশ মোদক অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি ওই ফেসবুক পোস্ট সম্পর্কে অবগত নন।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকীব উর রাজা জানান, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের স্বার্থে অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে সিআইডির ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন ও তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
প্রাণেশ ঢাকার করাইল বস্তিতে থেকে ঝালমুড়ি-চানাচুর বিক্রি করেন বলেও জানান তিনি।
অভিযুক্ত ব্যক্তি এবং স্থানীয় একটি বিশ্বস্ত সূত্রের দাবি, পারিবারিক বিরোধের জেরে তার প্রথম সংসারের বড় ছেলে, যিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন, প্রাণেশকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার নামে ওই পোস্ট করে থাকতে পারেন। তবে এ দাবির সত্যতা এখনো তদন্তে নিশ্চিত হয়নি।
Exit mobile version