The voice of Brahmanbaria || Local news means the world is

ফুজাইরায় সড়কে প্রাণ গেল ব্রাহ্মণবাড়িয়ার তরুণের

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।

নিহত মোহাম্মদ রিফাত সরকারের (২৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের নূরপুর গ্রামে, পিতার নাম মোহাম্মদ জয়নাল সরকার।

শুক্রবার সকালে ফুজাইরার দিব্বা আল ফুজাইরা এলাকায় অনির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নিহতের বন্ধু আরেক প্রবাসী মোহাম্মদ আবদুল্লাহ বলেন, “রিফাত গত পাঁচ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছিলেন। তিনি ফুজাইরার আল ফুকেট মার্কেটে একটি ফলের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।”

ফুজাইরা পুলিশের জেনারেল কমান্ডের ট্রাফিক ও পেট্রোলস বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার সালেহ মোহাম্মদ আবদুল্লাহ আল ধানানি স্থানীয় গণমাধ্যমকে বলেন, “দিব্বা এলাকার একটি ড্রাইভিং ইনস্টিটিউটের কাছে এলোপাতাড়ি রাস্তা পারাপারের সময় একজন আমিরাতি নাগরিকের চালিত গাড়ি রিফাত সরকারকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।”

খবর পেয়ে পুলিশ অপারেশন রুম থেকে ট্রাফিক টহল দল ও ন্যাশনাল অ্যাম্বুলেন্স সার্ভিস ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য তার লাশ দিব্বা আল ফুজাইরা হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পুলিশ পথচারীদের নির্ধারিত জেব্রা ক্রসিং ব্যবহার করার আহ্বান জানিয়ে সতর্ক করে বলেছে, অননুমোদিত স্থান দিয়ে রাস্তা পারাপার প্রাণঘাতী ঝুঁকি বাড়ায়।

Exit mobile version