The voice of Brahmanbaria || Local news means the world is

প্রায় সব কোটা বাতিলের সুপারিশ পর্যালোচনা কমিটির

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গঠিত পর্যালোচনা কমিটি সরকারি নিয়োগে প্রায় সব ধরনের কোটা বিলুপ্তির সুপারিশ করেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

১৩ আগস্ট, সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সচিব।

পর্যালোচনা কমিটির আহ্বায়ক ও মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেন, কমিটির প্রাথমিক সুপারিশ হলো কোটা অলমোস্ট (প্রায় পুরোটাই) উঠিয়ে দেওয়া, মেধাকে প্রাধান্য দেওয়া।

সচিব আরও বলেন, কোটা বিলুপ্তির পক্ষে সুপারিশ করা হলেও ‘মুক্তিযোদ্ধা কোটার’ বিষয়ে আদালতের নির্দেশনা চাওয়া হবে।

এরপরেই কোটার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান শফিউল আলম।

গত ২ জুলাই সরকারি নিয়োগে কোটা সংস্কারের লক্ষ্যে পর্যালোচনা কমিটি গঠন করে সরকার।

কমিটিতে মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও জনপ্রশাসন, অর্থবিভাগ, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, আইন বিভাগ, পিএসসি ও প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিনিধি ছিলেন। প্রথমে কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে সময় বাড়িয়ে আরও ৯০ কর্মদিবস দেওয়া হয়।

গত এপ্রিলে সরকারি নিয়োগে কোটা সংস্কারের দাবিতে দেশের পাবলিক, জাতীয় বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কঠোর আন্দোলন-কর্মসূচি দেন। আন্দোলনের মুখে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে এক ভাষণে সব ধরনের কোটা বাতিলের কথা বলেন। সূত্র: প্রিয়ডটকম

Exit mobile version