The voice of Brahmanbaria || Local news means the world is

প্রবাসীদের অর্থে কর নয়, সৌদি সরকারের নতুন সিদ্ধান্ত

প্রবাসীদের পাঠানো অর্থে কোনো কর বসাবে না সৌদি আরব। দেশটির অর্থ মন্ত্রণালয় রবিবার এক টুইট বার্তায় এই তথ্য দেয়। প্রবাসীদের পাঠানো অর্থের ওপর ৬ শতাংশ করা বসানোর শুরা কাউন্সিলের প্রস্তাবের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। খবর বিবিসির।

সৌদি আরবে তিন কোটি মানুষের বসবাস করে, যার তিন ভাগের এক ভাগই অভিবাসী। এরমধ্যে রয়েছে লাখ লাখ বাংলাদেশি শ্রমিকও।

কাজের খোঁজে যাওয়া এসব শ্রমিকদের অন্যতম আকর্ষণের বিষয়ই ছিলো সেখানে কর্মরত শ্রমিকদের আয় করা অর্থ দেশে পাঠানোর সময় কোনো কর দিতে হয় না। কিন্তু সম্প্রতি বিশ্ব বাজারে তেলের মূল্য পড়ে যাওয়ায় দেশটিতে বাজেট ঘাটতি তৈরি হয়েছে। এরপর গত বছর নানা ধরনের সংস্কার ঘোষণা করা হয়েছে।

বাজেট ঘাটতি কমাতেই শ্রমিকদের অর্থ দেশে পাঠানোর সময় তাতে ৬ শতাংশ হারে কর আরোপের সুপারিশ করেছিলো দেশটির শুরা কাউন্সিল।

এই কাউন্সিল দেশটিতে খুবই সম্মানের স্থান দখল করে রয়েছে। কিন্তু তার অর্থ এই নয় যে তাদের সুপারিশ সব সময় মেনে নেয়া হয়।

শ্রমিকদের অর্জিত অর্থ দেশে পাঠানোর সময় তাতে এমন কোন কর আরোপ করা হবে না বলে জানিয়েছেন দেশটির অর্থ মন্ত্রণালয়। এক টুইটার বার্তায় তারা বিষয়টি জানিয়েছে।

সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়ের এই টুইটে বলা হয়েছে, ‘সৌদি রাজ্য আন্তর্জাতিক মান বজায় রেখে পুঁজির অবাধ প্রবাহের নীতিতে বিশ্বাস করে।’

এই টুইটার বার্তায় মন্ত্রণালয় যা জানিয়েছে তাতে হয়ত হাঁফ ছেড়ে বেঁচেছেন লাখ লাখ শ্রমিক।

Exit mobile version