
ডাস্টবিন বিতরণ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল কম্পাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। আমরাই ব্রাহ্মণবাড়িয়ার সদস্য বিবর্ধন রায় ইমনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, হাসপাতালের সুপারিনটেনডেন্ট মো. শওকত হোসেন। অতিথিবৃন্দ এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, ‘আমরা দেশের বাইরে গেলে ঠিকই ডাস্টবিন খুঁজে ময়লা ফেলি। অথচ দেশে যেখানে-সেখানে ফেলি। প্রকৃতপক্ষে আমাদের মানসিকতার পরিবর্তন দরকার।’ মানুষের মানসিকতার পরিবর্তনের জন্য আমরাই ব্রাহ্মণবাড়িয়ার সদস্যদের কাজ করার আহ্বান জানান অতিথিরা। পৌর মেয়র জানান, এসব ডাস্টবিনে প্রতিদিন যে ময়লা জমা হবে তা তুলে নেবেন পরিচ্ছন্নতাকর্মীরা। আমরাই ব্রাহ্মণবাড়িয়ার সদস্য জেবিন ইসলাম জানান, পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে ছোট-বড় মিলিয়ে ৩৫টি ডাস্টবিন বসানো হয়েছে। এ ছাড়া ফুটপাতের ব্যবসায়ীদের ১০টি ঝুড়ি দেওয়া হয়েছে। স্কুল-কলেজের সামনে ঈদের পর পাঁচটি ডাস্টবিন বসানো হবে বলে জানান তিনি। –