The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে ১২ হাজার টাকার জাল নোটসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১২ হাজার টাকার জাল নোটসহ এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ধরমন্ডল বাজারের কলাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলা ব্যবসায়ী মো. ফেরদৌস মিয়ার কাছ থেকে এক ব্যক্তি কলা কিনে এক হাজার টাকার একটি নোট দেন। নোটটি হাতে নিয়ে ফেরদৌস মিয়ার সন্দেহ হলে তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করেন।
খবর পেয়ে নাসিরনগর থানার এসআই মাহবুব আলম সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ১২টি জাল নোট উদ্ধার করা হয়।
আটক লিটন মিয়া (৩৮) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
নাসিরনগর থানার সাব-ইন্সপেক্টর সোহেল সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির কাছ থেকে একই সিরিয়ালের এক হাজার টাকা মূল্যমানের ১২টি জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নাসিরনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১৭।
Exit mobile version