The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে সার ডিলারশিপ পাওয়া এমপির ছেলে এখনও শিক্ষার্থী , গুদাম হিসেবে দেখানো হয়েছে পরিত্যক্ত চালকল!

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আবদুল হান্নানের ছেলে আদনান সাদি সার ব্যবসার অভিজ্ঞতা না থাকলেও পেয়েছেন সার ডিলারশিপ। তিনি একজন শিক্ষার্থী। শুধু তাই নয়, তাঁর ডিলারশিপের জন্য গুদাম হিসেবে দেখানো হয়েছে একটি পুরোনো ও পরিত্যক্ত চালকল। সংসদ সদস্যের ছেলে ও স্বজনদের সার ডিলারশিপ পাওয়া এবং গুদাম নিয়ে এমন তথ্য উঠে এসেছে দৈনিক দ্য ডেইলি স্টারের এক অনুসন্ধানী
প্রতিবেদনে।
শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, সংসদ সদস্য আবদুল হান্নানের ছেলে আদনান সাদি, তাঁর ছোট বোনের স্বামী এবং ভাতিজার স্ত্রী নতুন করে সার ডিলারশিপ পেয়েছেন।
দ্য ডেইলি স্টারের অনুসন্ধানে দেখা গেছে, আদনান সাদির সার ডিলারশিপের জন্য সংসদ সদস্যের বাড়ির কাছে একটি পুরোনো ও পরিত্যক্ত চালকলকে গুদাম হিসেবে দেখানো হয়েছে। স্থানীয় সূত্র জানায়, আবদুল হান্নান অনেক বছর আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালে জমিটি কিনে সেখানে চালকল স্থাপন করেছিলেন। তবে চালকলটি বছরের পর বছর ধরে বন্ধ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
প্রতিবেদনে আদনান সাদির ব্যবসায়িক অভিজ্ঞতা না থাকা এবং তিনি একজন শিক্ষার্থী হওয়া সত্ত্বেও কীভাবে ডিলারশিপের যোগ্যতা পূরণ করেছেন, সে প্রশ্নও তোলা হয়েছে।
এ বিষয়ে সংসদ সদস্য আবদুল হান্নানের কাছে জানতে চাইলে তিনি বিগত সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের ব্যবসায়িক সুযোগ থেকে বঞ্চিত হওয়ার প্রসঙ্গ তুলে ধরেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত ১৭ বছর কি আমরা ব্যবসা করার সুযোগ পেয়েছি? আগের সরকার তো আমাদের ট্রেড লাইসেন্স পর্যন্ত দেয়নি।’
প্রতিবেদনে দেশজুড়ে সার ডিলার নিয়োগে রাজনৈতিক পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি ও ঘুষ লেনদেনের অভিযোগও তুলে ধরা হয়েছে। তবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানিয়েছেন, ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্ত করে দেখা হবে এবং ত্রুটিপূর্ণ নিয়োগের জন্য দায়ী কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা হবে।
Exit mobile version