The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জসনে জুলুস অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জসনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আল-কাদরীর নেতৃত্বে জসনে জুলুস বের করা হয়।
জুলুসটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন দরবার শরীফের পীর-মাশায়েখ, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষার্থীসহ হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
জুলুসে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে নিয়ে হামদ-নাত, দরুদ ও সালাম পাঠ করেন। এতে উপজেলা সদর উৎসবমুখর হয়ে ওঠে।
পরে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আল-কাদরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১
(নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।
আলোচনা সভায় ফান্দাউক দরবার শরীফের পীরজাদা মুফতি সৈয়দ আবুবকর সিদ্দিক আল-হোসাইনী বলেন, “রাষ্ট্র ঈদে মিলাদুন্নবী চায়। নাসিরনগরে সুন্নী পীর-মাশায়েখদের কোনো অনুষ্ঠানে বাধা সৃষ্টি করা হলে তা বরদাস্ত করা হবে না।”
তিনি আরও বলেন, “সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান, সুন্নী জনতাকে পাশ কাটিয়ে চলার চেষ্টা করবেন না।”
সভায় বিভিন্ন দরবার শরীফের পীর-মাশায়েখ ও আলেম-ওলামারা বক্তব্য দেন। এ সময় সুন্নিয়াত প্রচার ও প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জনকে মরণোত্তর সম্মাননা স্মারক দেওয়া হয়।
পরে মিলাদ, কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Exit mobile version