The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরের তান্ডবের ঘটনায় তদন্ত প্রতিবেদন

এম.ডি.মুরাদ মৃধা. নাসিরনগর হতে: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ঘর-বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার এক বছর পর আদালতে অভিযোগপত্র দিতে যাচ্ছে পুলিশ। হামলার ঘটনায় দায়ের হওয়া আট মামলার মধ্যে ১টি মামলার অভিযোগপত্র রোববার আদালতে জমা দেবে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও নাসিরনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শওকত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২২৮ জনকে অভিযুক্ত করে গৌরমন্দির ভাঙচুর মামলার অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের বহিষ্কৃত চেয়ারম্যান দেওয়ান আতিকুর আঁখি, হাজী বিল্লাল হোসেন, জাহাঙ্গীর আলমসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ ও বিএনপি নেতা রয়েছেন।

নাসিরনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরের গৌরমন্দিরে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী বাদী হয়ে দুই থেকে আড়াই হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়।

প্রসঙ্গত, ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননার ছবি পোস্টের ঘটনাকে কেন্দ্র করে গেল বছরের ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরে হিন্দুদের মন্দির ও ঘর-বাড়িতে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। পরে আরও কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগও করা হয়। এসব ঘটনায় নাসিরনগর থানায় পৃথক ৮টি মামলা দায়ের করা হয়।

Exit mobile version