The voice of Brahmanbaria || Local news means the world is

নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে সোমবার সকালে র‌্যালি, গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রেখে সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বর্ণাঢ্য র‌্যালি ও গাছের চারা বিতরণ করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ।
জেলা প্রশাসক মোঃ আবুসাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সাঈদ মোঃ গাউছাল আজম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড,ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মোঃ বেলাল হোসেন।
বক্তব্য রাখেন, পল্লী উন্নয়নে সফল ব্যক্তি ও সদর ইউসিসিএ’ লিমিটেডের সভাপতি মোঃ আলী আজম, সমবায়ীদের পক্ষে মোঃ আবু হানিফ, দেলোয়ারা বেগম, মোঃ ফরিদ মোল্লা প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম বলেন, পল্লী উন্নয়ন ও সমবায় কার্যক্রম দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে।
তিনি বলেন, পল্লী ও গ্রামীণ উন্নয়ন হলে দেশের সার্বিক উন্নয়ন হবে। প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান তৃনমূলের মানুষের উন্নয়নের জন্য, গ্রামের মানুষের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, উন্নয়নের সাথে ক্ষুদ্র ঋণের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঋনের ক্ষেত্রে মহিলাদের প্রাধান্য দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে সঠিক জ্ঞান অর্জন করে পল্লী উন্নয়নে ভূমিকা রাখবে। তিনি বলেন, পল্লী উন্নয়ন মেলা করলে উদ্যোক্তারা তাদের উৎপাদিত পন্য মেলায় বিক্রি করতে পারবে, মেলায় প্রদর্শন করতে পারবে।
তিনি বলেন, গত ১৭ বছর ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকে ব্যাপক অনিয়ম হয়েছে। এই অনিয়ম নিরসন করে সমবায় ব্যাংকে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এর আগে সমবায় ব্যাংক পরিচালনার জন্য প্রশাসনের পক্ষ থেকে একজন প্রশাসক নিয়োগ দেয়ার দাবি জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ বলেন, সরকারি ঋনের একটা সীমাবদ্ধতা আছে। তিনি ঋনের টাকা গ্রহণ করে তার সঠিক ব্যবহার ও সময় মতো কিস্তি পরিশোধ করার জন্য উদ্যোক্তাদের প্রতি আহবান জানান। তিনি বলেন, অপনাদের সকল সমস্যা ধাপে ধাপে সমাধান করা হবে।
অনুষ্ঠানে সফল সমবায়ীদের মধ্যে ক্রেস্ট ও সফল ম্যানেজারদের মধ্যে কমিশন প্রদান করা হয়।
Exit mobile version