The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগর ভূতুড়ে বিল ও লোডশেডিং নিরসনে পল্লী বিদ্যুৎ অফিস পরিদর্শনে এমপি মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রাহকসেবার মান উন্নয়ন, কথিত ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ নিষ্পত্তি এবং অতিরিক্ত লোডশেডিং কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
রোববার দুপুরে নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস পরিদর্শনের সময় তিনি এসব নির্দেশনা দেন। পরিদর্শনকালে সংসদ সদস্য অফিসের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি গ্রাহকদের দ্রুত, মানসম্মত ও হয়রানিমুক্ত বিদ্যুৎ সেবা নিশ্চিত করার পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি গ্রাহকদের অভিযোগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কথিত ভূতুড়ে বিদ্যুৎ বিল, অতিরিক্ত লোডশেডিং এবং সেবাসংক্রান্ত অনিয়ম দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও গ্রাহকবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন নবীনগর পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ওয়াদুদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী ফারুক আহমেদ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুনাব্বর হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।
Exit mobile version