মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রাকিবুল হাসানের নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে বাজারের সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি বিভিন্ন অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাকিবুল হাসান বলেন, “গত কয়েকদিন ধরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে রাস্তার পাশে ও অলিগলিতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হচ্ছিল। নবীনগর বাজারে যানজটের অন্যতম প্রধান কারণ ফল বাজারসহ বিভিন্ন স্থানে সড়ক দখল করে ব্যবসা পরিচালনা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সরেজমিনে এসে অবৈধ স্থাপনা ও দোকানপাট অপসারণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়েছে।
এ অভিযানের পর বাজার এলাকায় যানজট অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা।
