ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি বসতঘরে সিঁধ কেটে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নাটঘর গ্রামের মো. শরিফ মিয়ার বসতঘরে এই ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিদিনের মতো শরিফ মিয়ার পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার গভীর রাতে তার বসতঘরে সিঁধ কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে আলমারি ও বিভিন্ন আসবাবপত্র তছনছ করে নগদ এক লাখ টাকা এবং স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে ঘরের অবস্থা দেখে চুরির বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন।
চুরির ঘটনায় মো. সাইদুল ইসলাম জানান, চোরেরা সিঁধ কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকা ও কয়েক ভরি স্বর্ণ, তিনটি মোবাইলসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। এতে তাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম জানায়, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি, অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
