The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে যুবলীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল ইসলাম আলমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জেলা সদরের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই সাইফুল ইসলাম আলম আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, এরমধ্যে একটি মামলায় এক বছরের কারাদণ্ডের রায় থাকলেও তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানা পুলিশ জেলা পুলিশের সহায়তায় মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে তাকে গ্রেফতার করে।
নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার আলম একজন সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় পুলিশ দীর্ঘদিন তাকে খুঁজছিল। অবশেষে বিশেষ অভিযানে তাকে আইনের আওতায় আনা হয়েছে।
এদিকে, রাজনৈতিক পরিবর্তনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই এই প্রভাবশালী যুবলীগ নেতার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন করে গ্রেফতার আতঙ্ক দেখা দিয়েছে বলে জানা গেছে।
গ্রেফতার আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
Exit mobile version