The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে মেঘনা নদীর ভাঙন রোধে ৫ হাজার ৫০০ জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীর ভাঙন রোধে ৫ হাজার ৫০০ জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে জিও ব্যাগ ফেলার কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহামেদ ময়িন, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাতুন বণিক ও অজয় দাস, বিএডিসির উপসহকারী প্রকৌশলী মাহবুব আলম, জীবন মেম্বার, বাহা উদ্দিন সরকার, নিয়াজুল্লাহ, মামুন সরকার, রশিদ মিয়া, দিদারুল, ইদ্রিস মিয়া, মানিক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মহিউদ্দিন আহামেদ ময়িন বলেন, চরলাপাং গ্রামের মানুষের বসতভিটা মেঘনা নদীতে বিলীন হতে দেখে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান দ্রুত পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর প্রচেষ্টায় জরুরি ভিত্তিতে ৫ হাজার ৫০০ জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি স্থায়ী নদী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের বিষয়েও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কাজ চলছে, যাতে এলাকার মানুষ দীর্ঘমেয়াদে নিরাপদে বসবাস করতে পারেন।
স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের পর এমপি আব্দুল মান্নানের উদ্যোগে এলাকায় অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধ হওয়ায় নদীভাঙনের চাপ কিছুটা কমেছে। তবে স্থায়ী নদী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ না হলে আরও শত শত ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
তারা দ্রুত জিও ব্যাগ ফেলার উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থায়ী নদী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানান।
Exit mobile version