The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে বইপড়া প্রতিযোগিতা, অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ‘বই পড়ি, দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া কর্মসূচির উপজেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার ৩৫৩ শিক্ষার্থী অংশ নেয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) নবীনগর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধানে ছিল উপজেলা প্রশাসন।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞান ও চিন্তার পরিধি বাড়ানো, দক্ষতা বৃদ্ধি এবং পাঠসংস্কৃতি প্রতিষ্ঠা এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। এর আগে গত ১ সেপ্টেম্বর নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে উত্তীর্ণ শিক্ষার্থীরাই উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল মামুন বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন ধরনের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ। নিয়মিত বই পড়লে তাদের জ্ঞান ও চিন্তার পরিধি বাড়ার পাশাপাশি সৃজনশীলতা ও মননশীলতার বিকাশ ঘটে।
তিনি আশা প্রকাশ করেন, এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস আরও বিস্তৃত হবে।
আয়োজকেরা বলেন, প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। জ্ঞানমূলক, সৃজনশীল ও মননশীল বই পড়ার অভ্যাস গড়ে উঠলে শিক্ষার্থীদের চিন্তার পরিধি আরও বিস্তৃত হবে।
জেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া কর্মসূচিটির চারটি মূল লক্ষ্য হলো—নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞান, চিন্তা ও দক্ষতা বৃদ্ধি, জ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং পাঠসংস্কৃতি প্রতিষ্ঠা।
শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, বর্তমানে শিক্ষার্থীদের পড়াশোনা অনেকাংশে পাঠ্যবই ও পরীক্ষা কেন্দ্রিক। এ পরিস্থিতিতে পাঠ্যসূচির বাইরে বিভিন্ন বই পড়ার সুযোগ তৈরি হলে নতুন বিষয় জানার প্রতি তাদের কৌতূহল বাড়বে।
উপজেলা পর্যায়ের বাছাইয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা পরবর্তী ধাপে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল মামুন, নবীনগর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ওয়াজেদ উল্লাহ জসিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাজহারুল হুদা, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাত জাহান, সহকারী প্রোগ্রামার (ব্যানবেইস) রাজিবুল ইসলাম, নবীনগর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
Exit mobile version