ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পূর্ববিরোধের জেরে হামলায় গুরুতর আহত মো. ইকবাল (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার খাগাতুয়া গ্রামের ভোরের বাজার এলাকায় হামলার শিকার হন ইকবাল। তিনি ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, পূর্ববিরোধের জেরে ইকবালের ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে বাঞ্ছারামপুরে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দেবিদ্বারে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, একই গ্রামের আলম, হালিম ও সাদ্দাম এ ঘটনায় জড়িত থাকতে পারেন। তবে এ অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘‘আমরা অন্য একটি কাজে বিদ্যাকুটে অবস্থান করছি। আমরাও একটি খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’’
ইকবালের মৃত্যুর পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত করছে।
