The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম বাজারের পরিমল কর্মকার(৪৫) নামে এলাকার প্রতিষ্ঠিত এক ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,উপজেলার শ্যামগ্রাম বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী বাজারের “মা শিল্পালয়” এর মালিক পরিমল কর্মকার তাঁর ছোটভাই প্রবীর কর্মকারকে সঙ্গে নিয়ে গতকাল সোমবার রাত আনুমানিক নয়টার দিকে দোকান বন্ধ করে এলাকার দক্ষিণ পাড়ায় অবস্থিত নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে পূর্ব থেকে উৎ পেতে থাকা সন্ত্রাসীরা পরিমল কর্মকারের উপর অতর্কিতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা পরিমলকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।
খবর পেয়ে লোকজন এসে আহত পরিমলকে উদ্ধার করে। পরে নরসিংদী সদর হাসপাতালে তাঁকে প্রেরণ করা হয়।
এ ঘটনায় শ্যামগ্রাম বাজারের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আমীর হোসেন বাবুল জানান, ‘ঘটনাটি খুবই দু:খজনক। মনে হচ্ছে, ঘটনাটি পরিকল্পিত। ঘটনার পরপরই সলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা বাজার কমিটির নেতৃবৃন্দ আজই (মঙ্গলবার) এ বিষয়ে করণীয় নির্ধারণ করতে বৈঠকে বসবো।’
এদিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার(নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল জানান, ‘ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। এ ঘটনায় কাউকেই ছাড় দেয়া হবেনা।’

Exit mobile version