The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে ইজারা ছাড়াই অস্ত্রের মুখে বালু উত্তোলনের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতীরবর্তী কৃষিজমি ভাঙনের মুখে পড়ার অভিযোগ উঠেছে। এ অবস্থায় বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নরসিংদীর রায়পুরা উপজেলার কয়েকটি চক্র ইজারা ছাড়াই মেঘনা নদী থেকে বালু উত্তোলন করছে। দিনের বেলায় নদীর মাঝখান থেকে বালু তোলা হলেও রাতের আঁধারে নদীর তীরবর্তী অংশ থেকে বালু উত্তোলন করা হয়। এতে ধরাভাঙ্গা গ্রামের নদীতীরবর্তী কৃষিজমি ভাঙনের শিকার হচ্ছে।
বক্তারা বলেন, নদীগর্ভে কৃষিজমি বিলীন হয়ে যাওয়ায় এলাকার সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেক কৃষক তাঁদের জমি হারিয়ে নিঃস্ব হওয়ার উপক্রম হয়েছেন। এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে কৃষিজমি ও স্থানীয় মানুষের জীবিকা আরও হুমকির মুখে পড়বে।
মানববন্ধন থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়। একই সঙ্গে এ কার্যক্রম বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।
পরে মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন।
Exit mobile version