ব্রাহ্মণবাড়িয়ায় দোকান ভাড়ার সিকিউরিটির টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে সদর উপজেলার বুধল বাজারে জিল্লু মিয়া ও ইয়াছিন মিয়ার পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধল ইউনিয়নের বুধল বাজারে জঙ্গিলসার সিরাজনগর গ্রামের জিল্লু মিয়ার মার্কেটের একটি দোকান ভাড়া নিয়েছিলেন বুধল গ্রামের ইয়াছিন মিয়া। সম্প্রতি তিনি দোকানটি ছেড়ে দেন। তবে দোকান ভাড়ার সময় দেওয়া সিকিউরিটির টাকা ফেরত দেওয়া হয়নি বলে জানান ইয়াছিন।
এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে জিল্লু মিয়া ও ইয়াছিন মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, অর্থ লেনদেনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
