The voice of Brahmanbaria || Local news means the world is

তিতাস নদীতে মহড়া, শোভনসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৩৪ নেতার নামে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদীতে মহড়া দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন শোভনসহ সংগঠনটির ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও ১০০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিজয়নগর থানায় মামলাটি করা হয়। মামলায় শোভনকে প্রধান আসামি করে জেলা ও বিভিন্ন উপজেলা ছাত্রলীগের ৩৪ নেতার নাম উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট বিজয়নগর উপজেলার দত্তখোলা এলাকায় তিতাস নদীতে শোভনের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা মহড়া দেন। গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার এসআই আনিসুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গেলে তাঁরা পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিজয়নগর থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে। মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
Exit mobile version