ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর তীর অবৈধভাবে ভরাটের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরিমানার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে দলটি জানিয়েছে, অভিযুক্ত নেতা আজিজুর রহমান লিটনের কর্মকাণ্ডের সঙ্গে এনসিপির কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক
ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১৫ জুলাই) সদর উপজেলার মেড্ডা শ্মশানঘাট সংলগ্ন তিতাস নদীর পূর্বপাড়ের ঘাটুরা মৌজায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন। অভিযানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য ও সাবেক আহ্বায়ক আজিজুর রহমান লিটনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভরাটের কাজে ব্যবহৃত প্রায় ৩ হাজার ফুট পাইপ ধ্বংস এবং দুটি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়।
এ ঘটনার পর বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির প্যাডে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি জানায়, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জেলা আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমান লিটনের এই অবৈধ বালু ভরাটের ব্যাপারে এনসিপি অবগত নয়। পুরো বিষয়টি তার ব্যক্তিগত। এ বিষয়ে এনসিপির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিবেশবিরোধী ও আইনবিরোধী এ কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম এবং সদস্য সচিব মোহাম্মদ আমিনুল হক চৌধুরীর স্বাক্ষর রয়েছে।
