একটি ট্রাকে ছিল ৩৩৪ বস্তা জিরা। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানের পর জব্দ তালিকায় উল্লেখ করা হয়েছে ২৬০ বস্তা। আমদানিকারকের দাবি, ট্রাকে থাকা ৩৩৪ বস্তা জিরার বিপরীতে ২৬০ বস্তা দেখিয়ে জব্দ তালিকা তৈরি করা হয়েছে। এতে বাকি ৭৪ বস্তা জিরার হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় ডিবির জব্দ তালিকা, আমদানিকারকের বক্তব্য এবং পুলিশের অবস্থান নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে জিরাভর্তি ট্রাকটি আটক করে ডিবি পুলিশ। পরে তল্লাশি শেষে ২৬০ বস্তায় ৭ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা উদ্ধারের কথা জানায় পুলিশ।
ডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা জিরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে মালামাল বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেটের জৈন্তাপুর থানার হেমু হাউদপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. শাহনূর আলম এবং রাজশাহীর পুঠিয়া থানার আটভাগ (দক্ষিণ জামিরা) গ্রামের মো. ফুলসুরের ছেলে মো. সুরুজ মিয়া। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা হয়েছে।
তবে আমদানিকারক মাহবুব উল্লাহ রকি দাবি করেছেন, তিনি গত মাসে ভারতের ডাউকি স্থলবন্দর দিয়ে বৈধভাবে জিরা আমদানি করেন। ঢাকার বাজারে দাম ও চাহিদা কম থাকায় লোকসানের আশঙ্কায় জিরাগুলো সিলেটে গুদামজাত করে রেখেছিলেন। পরে সংশ্লিষ্ট সার্কেলের একজন সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) গুদাম পরিদর্শনে গেলে তাঁর পরামর্শে মালামাল ঢাকায় নেওয়ার জন্য ট্রাকে তোলেন।
রকির ভাষ্য, শুক্রবার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশ ট্রাকটি আটক করে। এ সময় তাঁরা আমদানিসংক্রান্ত কাগজপত্র দেখানোর চেষ্টা করেন এবং মালামাল যাচাইয়ের অনুরোধ জানান। ডিবি কর্মকর্তারা পরদিন সকালে সিদ্ধান্ত জানানোর কথা বললেও পরে মামলা ও জব্দের প্রক্রিয়া শুরু করেন।
আমদানিকারকের দাবি, তিনি প্রায় ১০ হাজার ২০ কেজি জিরা আমদানি করেছিলেন, যা ৩৩৪ বস্তার সমান। অথচ ডিবি ২৬০ বস্তা উল্লেখ করে জব্দ তালিকা তৈরি করেছে। বাকি ৭৪ বস্তা জিরার বিষয়ে কোনো ব্যাখ্যা পাননি তাঁরা।
রকি বলেন, আমদানি করা জিরা এখনো লোকসানে রয়েছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে পড়বেন। প্রশাসনের কাছে তাঁরা হয়রানি নয়, সহযোগিতা ও ন্যায়সংগত আচরণ প্রত্যাশা করেন। বৈধ কাগজপত্র থাকার পরও এভাবে হয়রানির শিকার হলে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়বে।
আমদানিকারকের দাবির বিষয়ে তামাবিল স্থলবন্দরের সহকারী রিভিউ কর্মকর্তা (এআরও) নুর আলম সিদ্দিকী জানান, ৩৩৪ বস্তার কাগজপত্র ঠিক আছে। তবে কেন ডিবি মালামাল আটক করেছে, তা তাঁর বোধগম্য হচ্ছে না।
অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ৩৩৪ বস্তা নয়, তাঁরা ২৬০ বস্তা পেয়েছেন। কোনো কাগজপত্র দেখাতে না পারায় মালামাল জব্দ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম বলেন, তাঁরা যতটুকু জানতে পেরেছিলেন, ওই পক্ষের কাছে কোনো কাগজপত্র ছিল না। তবে রোববার একটি পক্ষ কাগজপত্র থাকার কথা জানিয়েছে। সেগুলো সরবরাহ করার কথা থাকলেও এখনো পুরোপুরি পাওয়া যায়নি। বেশি মালামাল জব্দ করে কম দেখানো হয়ে থাকলে বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
