
সরকারি কাজে শম্বুক গতি আর নয়, এবার আরবি ঘোড়ার ছুট। টেবিলে পড়ে থেকে ফাইলে ধুলো জমার দিন শেষ। ই-ফাইলিংয়ের ব্যবস্থা। ফাইল চলবে দ্রুত, কাজ শেষ হবে নির্দিষ্ট দিনে। শ্রম দিবসের সাশ্রয়। সাধারণের ভোগান্তি শেষ। কোনও কাজের জন্য সরকারি অফিসে দিনের পর দিন ধর্না দেওয়ার দরকার নেই। ফাইলের কাজ শেষ করতে দেরি হলে ব্যবস্থা। সময় পেরোলে গাফিলতির অভিযোগ উঠবে আধিকারিকদের বিরুদ্ধে। শো-কজ করা হবে। যথার্থ জবাব না মিললে শাস্তি। আবার পুরস্কারের দিকও থাকছে। ভাল কাজের উপর পয়েন্ট। বেশি পয়েন্ট পেলে পদোন্নতি, বেশি ইনক্রিমেন্ট। পুরস্কার বা তিরস্কার কোনও আধিকারিকের ইচ্ছে-অনিচ্ছের উপর নির্ভর করবে না। ই-ফাইলিং সিস্টেমই বেছে নেবে সেরাদের।
জন্ম তারিখ রেকর্ড করা থেকে পাসপোর্ট পর্যন্ত জালিয়াতির সুযোগ থাকছে না। সবই ইলেকট্রনিক সিস্টেমে যুক্ত। তথ্য গোপন বা জাল তথ্য পেশ করলেই আইনানুগ ব্যবস্থা। অভিযুক্ত বা সাহায্যকারীর কেউই রেহাই পাবে না। পদ্ধতিটা শুধু শহরে নয় গ্রামেও। নব নির্বাচিত ইউনিয়ন পরিষদকেও কাজ করতে হবে ই-সিস্টেমে। ২০১৮তে, মানে আর দু’বছরে, প্রতিটি ইউনিয়নে ফাইবার অপটিক কেবল চলে যাবে। লক্ষ্যটা পরিষ্কার। ৫ মেগাবাইটে মুহুর্তের সংযোগে কাজে গতি আসতে বাধ্য। দুর্নীতি মুক্তিও সম্ভব। সরকারের কেন্দ্রীয় ওয়েব পোর্টালে সরকারি ফর্ম দেওয়া-নেওয়া চলবে। পর্যবেক্ষকের নজর থাকবে সবেতেই। কোন প্রকল্পের কাজ কত দূর এগোল জানা যাবে ই-মনিটরিংয়ে। ফাঁক দেখলেই ব্যবস্থা। দুর্নীতি তাড়াতে এ ভাবেই ডিজিটালে জোর হাসিনা সরকারের।