The voice of Brahmanbaria || Local news means the world is

ট্রেনে যাত্রীর ফেলে যাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ডকে সংবর্ধনা

ট্রেনে যাত্রীর ফেলে যাওয়া স্বর্ণের চেইন ও নগদ টাকা সততার সঙ্গে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ায় স্টুয়ার্ড গার্ড এস এম মোশারফ হোসেনকে সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।
রোববার (২ আগস্ট) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আর্থিক সহায়তার একটি চেক তুলে দেন।
এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান শাহীন, কেন্দ্রীয় যুবদলের সদ্য বিদায়ী কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকসহ জেলা পরিষদের কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
জানা যায়, স্টুয়ার্ড গার্ড এস এম মোশারফ হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত এম এম মজনু হোসেনের ছেলে। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলীতে বসবাস করেন।
গত ১৫ জুলাই বিকেলে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ৭০৩ নম্বর গোধূলি এক্সপ্রেস ট্রেনের ‘ঘ’ কোচে দায়িত্ব পালনকালে নরসিংদী স্টেশনে কেবিন নম্বর-৬-এর যাত্রীরা নেমে যাওয়ার পর একটি পলিথিনের ভেতরে থাকা জর্দার কৌটা উদ্ধার করেন তিনি। কৌটার ভেতরে ছিল প্রায় দেড় ভরি ওজনের একটি স্বর্ণের চেইন এবং নগদ ২ হাজার টাকা।
কিছুক্ষণ পর যাত্রীরা মোশারফ হোসেনের সঙ্গে যোগাযোগ করে মূল্যবান জিনিসপত্র হারানোর কথা জানালে তিনি তাদের আশ্বস্ত করেন যে, উদ্ধার হওয়া স্বর্ণের চেইন ও নগদ টাকা তার কাছেই নিরাপদে রয়েছে।
পরে ৭৪২ নম্বর তূর্ণা এক্সপ্রেসে ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে পৌঁছে রাত প্রায় ১টা ৫০ মিনিটে প্রকৃত মালিকের পরিচয় নিশ্চিত হওয়ার পর তিনি স্বর্ণের চেইন ও নগদ টাকা বুঝিয়ে দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়।
এ বিষয়ে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “বর্তমান সময়ে সৎ মানুষ পাওয়া খুবই কঠিন। মোশারফ হোসেন যে সততার পরিচয় দিয়েছেন, তাতে তিনি শুধু নিজের নয়, পুরো ব্রাহ্মণবাড়িয়ার সম্মান বৃদ্ধি করেছেন। তার এই সততার জন্য তাকে ধন্যবাদ জানাই।”
সংবর্ধনা শেষে মোশারফ হোসেনের সততা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে অনুসরণীয় বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিরা।
Exit mobile version