জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা উপজেলা ও পৌর শাখা।
শনিবার (১ আগস্ট) সকালে কসবা কদমতলী মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মিছিল শেষে পৌর শহরের নতুন বাজার কো-অপারেটিভ মার্কেটের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কসবা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ফরিদ উদ্দিন আহাম্মদ।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শিবলী নোমানী, উপজেলা সেক্রেটারি হাফেজ নুরুল আমিন এবং পৌর জামায়াতের আমির হারুনুর রশীদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। এ সময় ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করা হয়।
প্রতিবাদ সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
