The voice of Brahmanbaria || Local news means the world is

ছাত্রলীগের তৎপরতা প্রতিরোধে ছাত্রদলের মিছিলে সেই পুরোনো কর্মীরা, ‘হাইব্রিড ও আত্মীয়করণ’ নিয়ে শীষের ক্ষোভ

সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তৎপরতা প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের ধারাবাহিক মিছিল ও অবস্থান কর্মসূচিতে দলের পুরোনো কর্মীদের উপস্থিতি থাকলেও অনেক নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি বলে অভিযোগ করেছেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিজোয়ান হক শীষ। একই সঙ্গে দলীয় নেতৃত্বে হাইব্রিড নেতাকর্মীদের প্রাধান্য ও আত্মীয়করণের প্রবণতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা তুলে ধরেন ছাত্রদলের এই নেতা।
স্ট্যাটাসে রিজোয়ান হক শীষ লেখেন, গত দুই দিন ধরে ছাত্রলীগের তৎপরতার বিরুদ্ধে আয়োজিত প্রতিটি মিছিলে দলের পুরোনো কর্মীরাই উপস্থিত ছিলেন। তবে বর্তমানে বিভিন্ন নেতার অনুসারী ও আত্মীয়স্বজন হিসেবে পরিচিত অনেককে সরকারি অফিসে দেখা গেলেও দলের প্রয়োজনে তাঁদের মাঠে পাওয়া যায় না।
তিনি আরও লেখেন, দলের দুঃসময়ে এসব নেতাকর্মীর উপস্থিতি ছিল না। অথচ বর্তমানে বিভিন্ন নেতার ঘনিষ্ঠজন হিসেবে তাঁদের তৎপরতা দেখা যায়। এ অবস্থায় সিনিয়র নেতৃবৃন্দের প্রতি দল পুনর্গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এখনো সময় আছে, দল গুছিয়ে নিতে হবে। হাইব্রিড নেতাকর্মী ও আত্মীয় স্বজন কেন্দ্রিক রাজনীতি থেকে দূরে থাকতে হবে।
ছাত্রদল নেতা শীষের এই বক্তব্যে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে মাঠপর্যায়ে দলীয় নেতাকর্মীদের সক্রিয়তা, ত্যাগী কর্মীদের মূল্যায়ন এবং সাংগঠনিক নেতৃত্বে যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব বণ্টনের বিষয়গুলো সামনে এসেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচি ও তৎপরতা প্রতিরোধের আহ্বান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন। এসব কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণের পাশাপাশি সাংগঠনিক সক্রিয়তা নিয়েও আলোচনা চলছে।
Exit mobile version