The voice of Brahmanbaria || Local news means the world is

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে ব্রাহ্মণবাড়িয়ায় জনসচেতনতামূলক আলোচনা সভা

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের মতো বিপজ্জনক ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে সামাজিক সংগঠন **ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া**-এর উদ্যোগে এ জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম (সিরাজ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাইয়ুম, আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস, মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি এবিএম মমিনুল হক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাকিল জাহান এবং ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম।
এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী ও সচেতন নাগরিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ কোনো দুষ্টুমি নয়, এটি একটি গুরুতর অপরাধ। এ ধরনের ঘটনায় ট্রেনের জানালার কাচ ভেঙে যাত্রীরা গুরুতর আহত কিংবা প্রাণহানির শিকার হতে পারেন। পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয় এবং রেলযাত্রার নিরাপত্তা বিঘ্নিত হয়। তাই এ অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
প্রধান অতিথি আলহাজ সিরাজুল ইসলাম বলেন, নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করা সবার দায়িত্ব। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর
আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সভাপতির বক্তব্যে শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন, সমাজের কল্যাণে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম লক্ষ্য। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে তরুণ সমাজ, অভিভাবক, শিক্ষক এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, শিশু-কিশোরদের সচেতন করা, পারিবারিক নজরদারি বৃদ্ধি এবং আইনগত ব্যবস্থা নিশ্চিত করা গেলে এ ধরনের অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তিনি সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার বিষয়ে দ্রুত প্রশাসনকে অবহিত করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উপস্থিত সবাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা সৃষ্টি এবং নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Exit mobile version