The voice of Brahmanbaria || Local news means the world is

গ্রামীণ উন্নয়নে সমন্বয়ের আহ্বান, সরাইলে জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ। এ সময় তিনি গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত করতে জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার দুপুরে সরাইল সদর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার ব্যবস্থার দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ইউনিয়ন পরিষদ স্থানীয় মানুষের সমস্যা ও চাহিদা সবচেয়ে কাছ থেকে উপলব্ধি করে, আর জেলা পরিষদ বৃহত্তর পরিসরে অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখে। তাই টেকসই উন্নয়নের জন্য দুই প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এর আগে তিনি উপজেলার শাহবাজপুর, শাহজাদাপুর, কালীকচ্ছ, নোয়াগাঁও, সরাইল সদর ও পানিশ্বর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবামূলক কার্যক্রমের খোঁজখবর নেন।
সিরাজুল ইসলাম সিরাজ বলেন, গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করা গেলে সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়া আরও গতিশীল হবে। গ্রাম এগিয়ে গেলে শহর এগোবে, শহর এগোলে বিভাগ এবং শেষ পর্যন্ত দেশও এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, জেলা পরিষদ দীর্ঘদিন ধরে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন জনকল্যাণমূলক ও অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও স্থানীয় চাহিদা ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।
সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সহ-সভাপতি আশরাফুল করিম রিপন, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোহাম্মদ বিটু, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি পারভেজ আলম এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া।
মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Exit mobile version