The voice of Brahmanbaria || Local news means the world is

কাগজে জন্মস্থান নবীনগরের পেয়ারাকান্দি : ৪৬ বছর পর মা–বাবার সন্ধানে ডাচ নাগরিক হ্যারল্ড ডেভিড

জন্মের প্রায় তিন বছর বয়সে দত্তক হিসেবে নেদারল্যান্ডসে চলে গিয়েছিলেন হ্যারল্ড ডেভিড রাজীব। এরপর কেটে গেছে ৪৬ বছরের বেশি সময়। মা–বাবার মুখ কিংবা জন্মভূমির স্মৃতি কিছুই নেই তাঁর। শুধু কাগজপত্রে পাওয়া জন্মস্থানের ঠিকানা আর শৈশবের একটি ছবি নিয়ে নিজের শিকড়ের সন্ধানে বাংলাদেশে ছুটে আসছেন বারবার। এবার মা–বাবার খোঁজে কুমিল্লার পথে পথে লিফলেট বিতরণ করছেন এই ডাচ নাগরিক।
রাজীবের কাগজপত্রে তাঁর জন্মস্থান হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পেয়ারাকান্দির নাম উল্লেখ রয়েছে। এ তথ্যের ভিত্তিতেই জন্মদাতা মা–বাবার সন্ধানে নবীনগরসহ কুমিল্লা ও আশপাশের এলাকায় খোঁজ চালাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুমিল্লা নগরের ঝাউতলা ও পুলিশ লাইনস এলাকায় মানুষের হাতে হাতে নিজের শৈশব ও বর্তমানের ছবি সংবলিত লিফলেট বিতরণ করেন রাজীব। লিফলেটে মা–বাবার সন্ধান চাওয়ার পাশাপাশি যোগাযোগের জন্য ফোন নম্বর ও ই-মেইল ঠিকানাও দিয়েছেন তিনি।
রাজীবের পাসপোর্ট ও বর্তমান পরিচয়পত্রে নাম হ্যারল্ড ডেভিড রাজীব। তাঁর ভাষ্য অনুযায়ী, ১৯৭৭ সালে তাঁর জন্ম। ১৯৮০ সালে প্রায় তিন বছর বয়সে তাঁকে দত্তক হিসেবে নেদারল্যান্ডসের একটি পরিবারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে ভালো জীবন পেলেও নিজের জন্মদাতা মা–বাবা ও পরিবারের পরিচয় না জানার শূন্যতা তাঁকে তাড়িয়ে বেড়ায়।
আলাপকালে রাজীব বলেন, ‘সেখানে আমার ভালো জীবন আছে। কিন্তু আমার হৃদয়ে একটা শূন্যতা রয়ে গেছে। প্রতিদিন আয়নায় তাকালে মনে হয়, আমি আসলে কে? আমি আমার পরিবারকে খুব মিস করি।’
তিনি জানান, ২০১৫ সাল থেকে মা–বাবার সন্ধানে বাংলাদেশে আসছেন। এ পর্যন্ত ছয়বার কুমিল্লা ও আশপাশের এলাকায় এসেছেন। সর্বশেষ গত মঙ্গলবার বাংলাদেশে আসেন তিনি।
তবে নিজের জন্মস্থানের ঠিকানা নিয়ে কিছুটা সংশয় রয়েছে রাজীবের। তাঁর কাগজপত্রে পেয়ারাকান্দির নাম থাকলেও দত্তক নেওয়ার প্রক্রিয়ায় ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার হয়ে থাকতে পারে বলে তাঁর ধারণা। কারণ, ১৯৮০ সালের দিকে পেয়ারাকান্দি তৎকালীন কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত ছিল।
মা–বাবার সন্ধানে একবার সম্ভাব্য একজন ব্যক্তির সঙ্গেও যোগাযোগ করেছিলেন রাজীব। ওই ব্যক্তিরও বিদেশে থাকার সময় সন্তান হারানোর ঘটনা ছিল। পরে তাঁর সঙ্গে দেখা করে ডিএনএ পরীক্ষাও করান। কিন্তু পরীক্ষায় বাবা-সন্তানের সম্পর্কের প্রমাণ মেলেনি। এতে দুজনই হতাশ হন।
তবে আশা ছাড়েননি রাজীব। তিনি বলেন, ‘আমি খুব হতাশ হয়েছিলাম। এরপরও আশা ছাড়িনি। প্রতি দুই বছর পরপর ফিরে আসার চেষ্টা করেছি। যত দিন না মা–বাবাকে খুঁজে পাচ্ছি, তত দিন চেষ্টা চালিয়ে যাব।’
বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে রাজীব বলেন, লুঙ্গি তাঁর খুব পছন্দের পোশাক। নেদারল্যান্ডসের বাড়িতেও তিনি লুঙ্গি পরেন। এতে বাংলাদেশের সংস্কৃতি ও নিজের শিকড়ের কাছাকাছি থাকার অনুভূতি পান।
রাজীবের সঙ্গে বাংলাদেশে এসেছেন আরেক ডাচ নাগরিক সেলিনা গোমেজ। তাঁর গল্পও প্রায় একই। তিনিও শৈশবে দত্তক হিসেবে নেদারল্যান্ডসে চলে যান। তাঁর কাগজপত্রে জন্মস্থান হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাটের নাম উল্লেখ রয়েছে। নিজের মা–বাবার সন্ধানে তিনিও বাংলাদেশে এসেছেন।
সেলিনা বলেন, ‘আমি আমার মা–বাবাকে খুব মিস করি। আমি চাই, তাঁরা জানুন, তাঁদের মেয়ে কেমন আছে, কীভাবে বড় হয়েছে। আমি চাই, আমরা আবার একসঙ্গে হতে পারি।’
এদিকে বৃহস্পতিবার দুপুরে লিফলেট বিতরণ শেষে রাজীব ও সেলিনা কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজীব মাহমুদের সঙ্গে কথা বলেন তাঁরা। রাজীবের কাগজপত্রে জন্মস্থান হিসেবে নবীনগরের পেয়ারাকান্দির নাম উল্লেখ থাকার বিষয়টি জানার পর সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক।
তিনি বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। রাজীবের পরিবারের সন্ধান পেতে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার চেষ্টা করা হচ্ছে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে পেয়ারাকান্দিতে খোঁজ নেওয়া হচ্ছে। এখনও শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়রা ডাচ নাগরিকের সাথে এক ব্যক্তির চেহারার মিল খুঁজে পেয়েছেন।
Exit mobile version