
শাহজালাল কসবা উপজেলার দক্ষিণখার গ্রামের নজরুল ইসলামের ছেলে ও মাইজখার আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। ২০১৪ সালের ২৬ জুলাই শাহজালাল নিখোঁজ হয়। পরদিন শাহজালালের বাবা কসবা থানায় জিডি করেন। ২১ দিন পর শাহজালালের চাচাতো ভাই সমসের বাড়ি থেকে অন্যত্র গিয়ে শাহজালালের বাবার কাছে ২৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। ওই দিনই কসবা থানায় সমসেরকে প্রধান আসামি করে মামলা করেন নজরুল ইসলাম। ১৩ অক্টোবর দিনাজপুর রেলস্টেশন থেকে সমসের আলীকে গ্রেপ্তার করে র্যা ব। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী নিখোঁজের ৮০ দিন পর মাটির নিচে পুঁতে রাখা শাহজালালের লাশ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে সমসের আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তিনি বলেন, জসিম মিয়ার কথামতো শাহজালালকে অপহরণ ও পরে হত্যা করেন তিনি।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, জসিম মিয়া দুর্ধষ ডাকাত সরদার। তাঁর বিরুদ্ধে তিনটি ডাকাতি মামলা রয়েছে। আজ বুধবার সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।
