
বিশাল শোডাউন করে মেয়র পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে আবেদনপত্র জমা দিয়েছেন কসবা উপজেলা যুবলীগের সভাপতি এমএ আজিজ। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের ধীরেন্দ্র দত্ত ভাষা চত্বরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ে তিনি আবেদন ফরম জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার ও কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন ভূইয়া বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় এমএ আজিজ বলেন, মাননীয় আইনমন্ত্রী মহোদয় আমাকে মাঠে কাজ করে যেতে বলেছেন। আমি তার নির্দেশ মতই কাজ করছি। আমার এলাকার জনগন তাদের সেবক হিসেবে আমাকে পেতে চান। দল থেকে মনোনয়ন পেলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।