The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় সাব্বির হত্যা মামলার আরেক আসামি ঢাকায় গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে নাজমুল হাসান সাব্বির হত্যা মামলার আরও এক আসামিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ ও এসআরবি-১০-এর যৌথ দল। গ্রেপ্তার রাব্বি (২৫) মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি। এ নিয়ে এ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধোলেশ্বর কলেজ রোডে নীরব জুয়েলার্সের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রাব্বি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা গ্রামের আবুল বাশার ওরফে বাশু মিয়ার ছেলে।
মামলার বিবরণ অনুযায়ী, নিহত নাজমুল হাসান সাব্বির ও অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সাব্বিরের বাড়ির আশপাশে মাদকদ্রব্য কেনাবেচা করতেন। এ বিষয়ে সাব্বির একাধিকবার তাঁদের নিষেধ করেন এবং মাদক ব্যবসায় বাধা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এর জেরে গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে অভিযুক্তরা সাব্বিরকে ডেকে বাড়ির বাইরে নিয়ে যান। এ সময় মামলার ২ নম্বর আসামি আব্দুল হান্নানের নির্দেশে অন্যরা দা, রামদা, চাপাতি, লোহার রড, লাঠি ও কাঠের স্টাম্পসহ দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে সাব্বির মারা যান।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কসবা থানায় হত্যা মামলা করেন। মামলাটি ২৫ অক্টোবর দায়ের করা হয়। এর পর থেকে আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-৯।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সিপিসি-১ এবং এসআরবি-১০-এর সদর কোম্পানির একটি যৌথ দল অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেপ্তার করে। এর আগে গত ৪ নভেম্বর একই মামলার এজাহারনামীয় ১০ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছিল এসআরবি-৯।
গ্রেপ্তার রাব্বিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
Exit mobile version