The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় ভুয়া পিবিআই পুলিশ পরিচয়ধারী প্রতারক আটক

রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে শরীফ উদ্দিন রেজভী (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ী গ্রামে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটক শরীফ উদ্দিন রেজভী উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ারা বিষ্ণুপুর গ্রামের আবদুল বাতেন মিয়ার ছেলে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশ পরিচয়ে বিভিন্ন মামলার বাদী-বিবাদীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শরীফ বিভিন্ন মামলার কপি মোবাইল ফোনে ধারণ করে সেগুলো প্রিন্ট করতেন। পরে জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন গ্রামের মামলার বাদী ও বিবাদীদের বাড়িতে গিয়ে নিজেকে পিবিআইয়ের সদস্য পরিচয় দিতেন। মামলার তদন্ত প্রতিবেদন নিজের পক্ষে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা নিতেন বলে অভিযোগ রয়েছে।
রোববার বিকেলে একটি মামলার কপি নিয়ে কসবার শ্যামবাড়ী গ্রামে যান শরীফ। তার পরনে ছিল পুলিশের নেভি ব্লু রঙের প্যান্ট ও বুট জুতা। সেখানে একটি দোকানের সামনে গিয়ে তিনি এক ব্যক্তির ঠিকানা জানতে চাইলে স্থানীয়দের সন্দেহ হয়।
এ সময় স্থানীয় বাসিন্দা ও আইনজীবী নয়ন নাজিরসহ উপস্থিত লোকজন তার পরিচয় জানতে চান। শরীফ নিজেকে পিবিআইয়ের পুলিশ সদস্য দাবি করলেও পরিচয়পত্র দেখাতে পারেননি। এতে স্থানীয়দের সন্দেহ আরও বাড়ে।
একপর্যায়ে স্থানীয়রা পরিচয়পত্র দেখতে চাইলে তিনি নিজেকে আদালতের একজন আইনজীবীর মুহুরি দাবি করেন। তবে ওই আইনজীবীর সঙ্গে কথা বলে জানা যায়, শরীফ তার কোনো মুহুরি নন। পরে শরীফ কম্পিউটারে তৈরি একটি ভুয়া মুহুরি পরিচয়পত্র দেখান বলেও স্থানীয়রা জানান।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শরীফ স্থানীয়দের কাছে স্বীকার করেন, তিনি আদালত থেকে বিভিন্ন মামলার কপি বা ছবি সংগ্রহ করে সেগুলো প্রিন্ট করতেন। পরে মামলার বাদী-বিবাদীদের বাড়িতে গিয়ে মামলা জিতিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নিতেন।
পরে স্থানীয়রা কসবা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, শ্যামবাড়ী গ্রামে পুলিশ পরিচয়ে প্রতারণার সময় স্থানীয় জনতার হাতে শরীফ উদ্দিন রেজভী নামে এক যুবক আটক হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
Exit mobile version