The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় ফ্রি চক্ষু শিবিরে ৬০০ রোগীকে চিকিৎসাসেবা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির পরিচালনায় মরণোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধকরণ, ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে বিশেষজ্ঞ ১২ জন চিকিৎসক আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে প্রায় ৬০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ, চশমা এবং একটি করে নিমগাছের চারা বিতরণ করা হয়।
খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির মহাসচিব অধ্যাপক ডা. মোহাম্মদ মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. মো. জহিরুল ইসলাম, কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের যুগ্ম পরিচালক মো. সারোয়ার, খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, মরণোত্তর চক্ষুদান একজন মানুষের মৃত্যুর পরও অন্যের জীবনে আলো ফিরিয়ে দেওয়ার মহৎ উদ্যোগ। একই সঙ্গে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অস্ট্রেলিয়া প্রবাসী মো. কামাল মাহমুদের সহযোগিতায় এবং সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির কাউন্সিলর ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ সাফায়াত কামালের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে চিকিৎসক, স্বেচ্ছাসেবক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
Exit mobile version