রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা ও পৌর যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেলে কসবা পৌরশহরের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে সড়ক ও আশপাশের পরিত্যক্ত ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে এডিস মশার লার্ভা ও প্রজননস্থল ধ্বংস করতে ময়লায় ব্লিচিং পাউডার ছিটানো হয়। এ সময় বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করা হয়।
আয়োজকরা জানান, অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানি ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বংশবিস্তারের অন্যতম কারণ। তাই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক দীপু, সদস্যসচিব জিয়াউল হুদা শিপন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ছাইদুল্লাহ, মো. ইজাজ আহমেদ, যুবদল নেতা সাহিদুল খাসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। এ ছাড়া স্থানীয় সচেতন মহলের লোকজনও অভিযানে অংশ নেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক দীপু বলেন, ‘ডেঙ্গু থেকে বাঁচতে প্রতিরোধের পাশাপাশি সচেতনতা তৈরি করতে হবে। যার যার অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখতে হবে। বাড়ির আশপাশের নর্দমা, খাল, পরিত্যক্ত জায়গা, গর্ত ও পাত্রে জমে থাকা পানি নিজ দায়িত্বে পরিষ্কার রাখতে হবে। অন্যথায় এসব জায়গায় জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে।’
তিনি আরও বলেন, ‘আপনার অবহেলায় আপনার বাড়িতে বা আশপাশে জন্ম নেওয়া এডিস মশা আপনার পরিবারের সদস্যদেরও ঝুঁকিতে ফেলতে পারে। তাই আগে থেকেই সবাইকে সচেতন হতে হবে।’
উপজেলা যুবদলের সদস্যসচিব জিয়াউল হুদা শিপন বলেন, ‘নিজেদের ক্ষতি হওয়ার আগেই ডেঙ্গুর বংশবিস্তার রোধে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। পাশাপাশি প্রতিবেশীদেরও সচেতন করতে হবে। সরকারের ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গুর বংশবিস্তার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।’ তিনি বলেন, ‘আমাদের সচেতনতা বাড়লে ডেঙ্গুর প্রকোপ কমবে। সুস্থ থাকবে মানুষ ও সমাজ।’
