ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী কসবা উপজেলায় একটি চার্জার ক্লিপ ও ৯ রাউন্ড চায়না রাইফেলের গুলিসহ শামিম মিয়া (২০) নামে এক ডেকোরেটর কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের জয়নগর বাজার থেকে তাঁকে আটক করা হয়। শামিম ওই ইউনিয়নের বড়ঠোডা গ্রামের বাসিন্দা।
কসবা থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার খিরনাল গ্রামে একটি অনুষ্ঠানে লাইটিংয়ের কাজ করেন শামিম। কাজ শেষে বিকেলে তিনি ভারত সীমান্তবর্তী জয়নগর বাজারে যান। এ সময় তাঁর হাতে থাকা গুলি ও চার্জার ক্লিপ দেখতে পান ওই এলাকার বাসিন্দা এবং ছুটিতে বাড়িতে আসা চট্টগ্রামে আরআরএফে কর্মরত পুলিশ সদস্য মাহমুদুল হাসান।
পরে মাহমুদুল হাসান গুলিগুলোর বিষয়ে জানতে চাইলে শামিম জানান, খিরনাল এলাকায় কাজ শেষে ফেরার পথে জয়নগর বাজারের পাশের সড়কে এগুলো পেয়েছেন। এরপর ওই পুলিশ সদস্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।
জরুরি সেবার মাধ্যমে খবর পেয়ে কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে একটি চার্জার ক্লিপ ও ৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি জব্দ করা হয় এবং শামিমকে আটক করে থানায় নেওয়া হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, জরুরি সেবা থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলি জব্দ ও শামিমকে আটক করেছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
