The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে কসবা-সৈয়দাবাদ সড়কের তালতলা বটগাছসংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে কসবা পৌর এলাকার তালতলা বটগাছসংলগ্ন ব্রিজের কাছে দেশীয় অস্ত্র নিয়ে আটজনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার উপপরিদর্শক (এসআই) নূরন নবীর নেতৃত্বে সেখানে অভিযান চালায় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দলটির সদস্যরা পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ছয়জনকে আটক করতে সক্ষম হয়। তবে দুজন পালিয়ে যান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মনকাশাইর গ্রামের বিল্লাল হোসেন (৪২) ও সুজন মিয়া (৫৫), চন্দ্রপুর গ্রামের জুনায়েদ মিয়া (২০), তালতলা গ্রামের রাজু মিয়া (২১), সৈয়দাবাদ গ্রামের রুমান ভূঁইয়া (২৭) এবং কসাই মনির (৩০)।
পলাতক দুজন হলেন তালতলা গ্রামের রানা মিয়া (২৮) ও অনন্তপুর গ্রামের শেখদল মিয়া (২৭)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ও পলাতক আটজনসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুজন পালিয়ে গেলেও তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Exit mobile version