The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় জলাশয় ভরাটের দায়ে তিনজনকে আড়াই লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অবৈধভাবে জলাশয় ভরাটের অভিযোগে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যক্তিকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জলাশয় ভরাটের কাজে ব্যবহৃত পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার কুটি ইউনিয়ন পরিষদের পেছনে একটি ডোবা ভরাটের অভিযোগে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।
অভিযানে মো. টিটু মিয়া (৩৫) ও রথিন রায় (৩২) নামের দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ডোবা ভরাটের কাজে ব্যবহৃত প্রায় ২৫টি পাইপ বিনষ্ট করা হয়। একই দিন রাত ১১টার দিকে কুটি বাজার ইউনিয়ন পরিষদসংলগ্ন আরেকটি জলাশয় ভরাটের অভিযোগে পৃথক অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
এ অভিযানে মো. রফিক নামের এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জলাশয় ভরাটে ব্যবহৃত পাইপের সংযোগ বিচ্ছিন্ন করে ভরাট কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বলেন, “জলাশয় ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে জলাশয় ভরাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
Exit mobile version