The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় গভীর রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো ইউপি চেয়ারম্যানের বাড়ি

রুবেল আহমেদ : কসবায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেছে এক ইউপি চেয়ারম্যানের বাড়ি। শুক্রবার রাতে উপজেলার মেহারী ইউনিয়নের যমুনা গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই চেয়ারম্যানের নাম মোশারফ হোসেন মোর্শেদ। তিনি উপজেলার মেহারী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে গেলেও দুর্বৃত্তের দেয়া আগুনে চেয়ারম্যানের ঘরে থাকা সকল মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় বাড়ির আশপাশের বাসিন্দাদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় কুটি চৌমুহনী ফায়ার সার্ভিস ষ্টেশনে ফোন দিলে কেউ ফোন রিসিভ করেননি বলে জানায় চেয়ারম্যানের চাচাতো ভাই। অপরদিকে আগুন লাগার বিষয়ে খবর পাননি বলে জানান উপজেলার ফায়ার সার্ভিস ষ্টেশন।
চেয়ারম্যানের চাচাতো ভাই ফরহাদ হোসেন জানান, মেহারী ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মোর্শেদ গত ৫ আগষ্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছে। বাড়িতে আসেনা এবং এই বাড়িতে কেউ থাকেন না। দীর্ঘদিন ধরে বাড়ি খালি পড়ে আছে। শুক্রবার গভীর রাতে প্রতিবেশীরা আগুন দেখে চিৎকার-চেচামেচি শুরু করলে ঘর থেকে বেরিয়ে দেখি চেয়ারম্যানের ঘরে আগুন জলছে। কে বা কারা চেয়ারম্যানের ঘরে আগুন দিয়েছে তা আমরা বুঝতে পারছিনা। ঘরের পেছন দিক দিয়ে চালের টিন কেটে দুর্বৃত্তরা ঘরে ঢুকে প্রতিটি রুমে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরে থাকা কয়েক লক্ষ টাকা মুল্যের আসবাবপত্রসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে ওখান দিয়েই বেরিয়ে যায় বলে ধারনা করছেন তারা। আগুন ঘরে ছড়িয়ে পড়ে দাউ দাউ করে ঝলতে থাকলে পাশের বাড়ির লোকজন আগুন দেখে চিৎকার দেয়। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে পাশে থাকা পুকুর থেকে পানি এনে আগুন নেভানো চেষ্টা করতে থাকে । পরে পাশের বাড়ির মোটরের লাইন থেকে পাইপ দিয়ে পানি দেয়া হয়। কয়েক ঘণ্টা পানি দেয়ার পর আগুন নিয়ন্ত্রনে আসলেও ঘরের ভিতরে থাকা সব মালামাল পুরে ছাই হয়ে যায়। কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসে ফোন দিলেও কেউ ফোন রিসিভ করেননি বলে জানান তারা। তিনি আরও বলেন, এই বাড়ির সবাই বিএনপি সমর্থক হলেও চেয়ারম্যান মোশারফ হোসেন মুর্শেদ ছিলেন আওয়ামী লীগ সমর্থিত।
ফায়ার সার্ভিস লিডার আবুল হোসেন জানান, শুক্রবার রাতে উপজেলার মেহারী ইউনিয়ন চেয়ারম্যান মোশারফ হোসেন মুর্শেদের বাড়িতে আগুন লাগার বিষয়ে আমাদের কেউ ফোন করেনি। ফোন পেলে আমরা ঘটনাস্থলে গিয়ে আমাদের দায়িত্বটুকু পালন করতাম।
মেহারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার রাতে চেয়ারম্যান মোশারফ হোসেন মুর্শেদের বাড়িতে কে বা কারা আগুন দিয়েছে কেউ বলতে পারছেনা। তবে পুর্ব শত্রুতার জের ধরে কেউ এমন ঘটাতে পারে বলে ধারনা করছেন গ্রামের লোকজন।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের জানান, মেহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মুর্শেদের বাড়িতে রাতের আধারে অগ্নিকান্ডের ঘটনায় শনিবার বিকেলে থানায় তার এক স্বজন একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Exit mobile version