The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় অবৈধভাবে পুকুর ভরাট: ড্রেজার ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা, সংযোগ বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি বাজারের পশ্চিম পাশে একটি পুকুর অবৈধভাবে ভরাটের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ড্রেজার ব্যবসায়ী শামীমউদ্দীনকে (৩৫) এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি পুকুর ভরাটে ব্যবহৃত ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
শনিবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।
অভিযানকালে দেখা যায়, ড্রেজারের মাধ্যমে পুকুরে মাটি ফেলে ভরাটের কাজ চলছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট ড্রেজার ব্যবসায়ী শামীমউদ্দীনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে পুনরায় পুকুর ভরাট কার্যক্রম চালানো না যায়, সে জন্য ঘটনাস্থলে থাকা ড্রেজারের সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, জলাশয় সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং কৃষিজমি সুরক্ষায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে অবৈধ জলাশয় ভরাট ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
Exit mobile version