The voice of Brahmanbaria || Local news means the world is

এমপি নির্বাচিত হলে নবীনগরে ইনসাফ প্রতিষ্ঠা করব : তাপস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলার নাটঘর গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নাটঘর ঋষিপাড়া ও নাটঘর উচ্চ বিদ্যালয় মাঠে পৃথকভাবে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে জাহের মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি তাপস আপনাদের সন্তান, আপনাদের ভাই। আমাকে একবার সুযোগ দিন। ২০১৮ সালে আমি নির্বাচন করেছিলাম, তখন ভাগ্য সহায় ছিল না। আমাদের তেমন কিছু করারও সুযোগ ছিল না।তবে এবার সুযোগ এসেছে। আমাকে একবার সুযোগ দিলে পাঁচ বছরে নবীনগরে কিছু করে দেখাতে চাই। আগামী নির্বাচনে ফুটবল প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন।

তিনি আরও বলেন, আমি এমপি নির্বাচিত হলে নবীনগরে ইনসাফ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা, এতিমখানা, কবরস্থান, শ্মশানসহ নবীনগরের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব।

তাপস বলেন, সবশেষে আমি অঙ্গীকার করছি আমি নির্বাচিত হলে নবীনগরে কোনো প্রতিহিংসার রাজনীতি হতে দেব না। আমাদের একটাই পরিচয়, আমরা সবাই বাংলাদেশের নাগরিক।

উঠান বৈঠকে বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Exit mobile version