
আশুগঞ্জে সকালে ছিল শান্তিপূর্ণ পরিবেশ। কেন্দ্রে কেন্দ্রে ছিল ভোটারদের ঢল। সকাল ৭টায় তারুয়া মুহিউছুন্নাহ দারুল উলুম ফোরকানিয়া মাদরাসায় দেখা গেছে নারী-পুরুষ ভোটারের দীর্ঘলাইন। জড়াখোলা গ্রামের রহিমা খাতুনসহ আরও অনেক ভোটার জানান, তারা সকাল ৬টায় কেন্দ্রে এসেছেন। সকাল সাড়ে ৮টার দিকে আড়াইসিধা মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল নিয়ে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ প্রার্থী মো. সেলিম মিয়ার সমর্থকরা কেন্দ্রটি দখল করে ভোট দিতে গেলে উত্তেজনা ছড়ায়। এ ঘটনায় কেন্দ্রটিতে কিছু সময় ভোট গ্রহণ বন্ধ থাকে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আরিফুল ইসলাম জানান, লাইনে দাঁড়ানো নিয়ে গন্ডগোল হয়েছে। কিন্তু অনেক ভোটার জানান, সকাল ৯টায় কেন্দ্র দখল করে ব্যালেটে সিল মারা শুরু হয়। ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রটিতে অবস্থান করে দফায় দফায় কেন্দ্রে ঢুকে বহিরাগতদের ব্যালেটে সিল মারতে দেখা যায়। এ কেন্দ্রের বিভিন্ন বুথে ভোট গ্রহণের দায়িত্বে থাকা মো. ফজলুল হক, আবু আবেদ, মো. আইয়ুবকে দুদফা ব্যালেট বই নিতে দেখা যায়। দুই ঘণ্টাতে শতকারা ৫০ ভাগ ভোট পড়ে এই কেন্দ্রে। সিল মারার সময় কেন্দ্রের ভেতর থেকে একজনকে আটক করে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজা দেন। এ সময় ছাত্রলীগের এক নেতাকেও আটক করেছিল পুলিশ। কেন্দ্রটিতে দায়িত্ব পালনরত নির্বাচন অফিসের এক কর্মচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, জলজ্যান্ত দুনম্বরি। এর নাম নির্বাচন! আজাইরা? পাশাপাশি ইকরা একাডেমি ও বাজার চরচারতলা কেন্দ্রও দখল করে ফেলা হয়। এ অবস্থায় আড়াইসিধা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামরুল হাসান মোবারক নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, প্রশাসনের সহায়তায় মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইকরা একাডেমি ও বাজার চরচারতলা কেন্দ্র থেকে সকাল সাড়ে ৮টার দিকে তার এজেন্টদের বের করে দেয়া হয়। এরপর জেলা শহর থেকে আসা সন্ত্রাসীরা ব্যালেটে সিল মারতে থাকে। তিনি বলেন, সুষ্ঠু ভোট হলে শতকারা ৮০ ভাগ ভোট তিনিই পেতেন। এ ইউনিয়নের বিএনপি প্রার্থী মো. ইউনুছ ভূঁইয়াও নির্বাচন থেকে সরে দাঁড়ান। তারুয়া শালুকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ইউনিয়নের ৩টি কেন্দ্র দখল করে সিল মারার অভিযোগে সকাল ১১টায় আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী বাদল সাদির ভোট বর্জন করেন। সকাল ৯টার মধ্যে তারুয়া শালুকপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৩০০ ভোটের মধ্যে ৯০০ ভোট কাস্ট হয়। শরীফপুর ইউনিয়নে ৩টি কেন্দ্রে একাধিকবার প্রকাশ্যে ভোট দেয়া নিয়ে আওয়ামী লীগ প্রার্থী সাইফউদ্দিন চৌধুরীর সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সুমন চৌধুরী সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে প্রকাশ্যে ভোট দিতে দেখা যায়। সূত্র:: মানব জমিন