
একনেকের ২৯তম সভায় অনুমোদিত অন্যতম একটি প্রকল্প হলো— ‘আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দর মহাসড়ককে চার লেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ’। এজন্য ৩ হাজার ৫৬৭ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নিচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৩১২ কোটি ৮ লাখ টাকা এবং ভারতীয় লাইন অব ক্রেডিট-২ (এলওসি-২) থেকে ব্যয় করা হবে ২ হাজার ২৫৫ কোটি ৭৭ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রস্তাবিত রুটে ৫০ দশমিক ৫৮ কিলোমিটার সড়ক চার লেন হবে।
এর প্রকল্প এলাকা ব্রাহ্মণবাড়ীয়া জেলার আশুগঞ্জ, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া সদর, কসবা ও আখাউড়া উপজেলা। এই প্রকল্পে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদফতরের আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দর সড়কটি আশুগঞ্জ নদীবন্দরকে আখাউড়া স্থলবন্দরের সঙ্গে সংযুক্ত করবে। সড়কটির দৈর্ঘ্য ৫০ দশমিক ৫৮ কিলোমিটার। পরিকল্পনা মন্ত্রী জানান, এ প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো— আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ দশমিক ৫৮ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণ; ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক এবং উপ-আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন।