
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেনা বাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে একটি বিদেশি রিভলভার ও গুলি উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত সাদ্দাম হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়।
মঙ্গলবার (১৬ জুলাই) ভোররাতে উপজেলার চরচারতলার আলাল শাহ মাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। আশুগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইমরানের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা এ অভিযানে অংশ নেন। মঙ্গলবার দুপুরে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় সেনাবাহীনি।
জানা যায়, অভিযুক্ত সাদ্দাম হোসেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের একজন সক্রিয় ক্যাডার। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক এক সংসদ সদস্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং ২০২৪ সালের ৪ আগস্ট আশুগঞ্জ গোলচত্বরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।
অভিযানের সময় সাদ্দামের বসতবাড়ির আঙিনায় ৪-৫ ফুট গভীর এবং ১০ ফুট ব্যাসার্ধের একটি গর্ত খুঁড়ে একটি বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সাদ্দাম পালিয়ে গেলেও তার ভাই মো. আসাদ মিয়া (৩৮) ঘটনাস্থল থেকে আটক হন। পরে তাকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র, গুলি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত দু’টি স্মার্টফোনসহ আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।