The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে দুই সন্তান রেখে স্বামী-স্ত্রীর একসঙ্গে আত্মহত্যা

আশুগঞ্জে আল আমিন (২৫) ও জরিনা বেগম (২০) নামে এক দম্পতি ‘কেরির ট্যাবলেট’ খেয়ে এক সঙ্গে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

রোববার (২৫ মে) রাতে উপজেলার লালপুর ইউনিয়নের কুড়ের পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আল আমিন ওই এলাকার নান্নু মিয়ার ছেলে এবং জরিনা একই ইউনিয়নের নোয়াপাড়ার ইদ্রিস মিয়ার মেয়ে। নিহত আল আমিন পেশায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

জরিনার ভাই আনোয়ার হোসেন জানান, অভাব-অনটন ও সংসারের টানাপোড়েন তাদের প্রতিনিয়ত পুড়িয়ে দিচ্ছিল। কিস্তিতে কেনা ইজিবাইকটি কয়েক দিন আগে আল আমিন বিক্রি করে দেন। এরপর শুরু হয় দাম্পত্য কলহ। এই দুঃখ, রাগ ও অপ্রাপ্তির হতাশা থেকেই তারা একসঙ্গে আত্মহননের পথ বেছে নেন।

আনোয়ারের ভাষ্য, রোববার রাতে তার বোন এবং বোন জামাই চালের পোকা মারার ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। রাত ১০টার দিকে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে জরিনা সেখানেই মারা যান। এর কিছু সময় পর রাত ১টার আলামিনেরও মৃত্যু হয়।”

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ‘অভাব-অনটন ও মানসিক কষ্ট থেকেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

Exit mobile version