ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কেমিক্যাল পদার্থের খালি ড্রাম কাটার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রায়হান (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তাছাড়া আহত হয়েছেন লোকনাথ দাস (২৪) নামে এক যুবক।
শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার লালপুর বাজারের লোকনাথ ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চাঁনপুর গ্রামের আকবর হোসেনের ছেলে। সে লালপুর বাজারের সুলতান মিয়ার ডগইয়ার্ড ওয়ার্কশপে কাজ করতেন। অন্যদিকে আহত লোকনাথ দাস ওয়ার্কশপটির মালিক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে লোকনাথ দাস তার ওয়ার্কশপে একটি কেমিক্যাল পদার্থের খালি ড্রাম গ্রাইন্ডার মেশিন দিয়ে কাটছিলেন। ড্রামটির মুখ (ছিপি) বন্ধ ছিল। দীর্ঘদিন মুখ বন্ধ থাকায় ড্রামটির ভেতরে দাহ্য গ্যাস জমে ছিল বলে ধারণা করা হচ্ছে। গ্রাইন্ডার লাগানোর সঙ্গে সঙ্গেই ড্রামটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।
এ সময় রায়হান ডগইয়ার্ডের প্লেনশিট নিয়ে লোকনাথের ওয়ার্কশপের সামনে দিয়ে যাচ্ছিল। বিস্ফোরণে ড্রামের ধাতব অংশ ছিটকে রায়হানের মাথায় আঘাত করে। এতে তার মাথা থেঁতলে গিয়ে সে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রায়হান মারা যায়।
আহত লোকনাথ দাসকে গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুগঞ্জ থানার ওসি মো. সফিউল আলম চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।