The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় বঞ্চনার শিকার এসএসসি পরীক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসএসসিতে ‘বঞ্চনার শিকার’ শতাধিক শিক্ষার্থী সংবাদ সম্মেলন করেছে। গতকাল বুধবার দুপুরে পৌর শহরের সড়ক বাজারে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী’র কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আখাউড়া দেবগ্রাম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবং বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম নামে এক শিক্ষার্থী কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার বাবা পত্রিকা বিক্রি করে আমাকে পড়িয়েছে। কিন্তু ফলাফলে আমাকে ইতিহাসে ১ নম্বরের জন্য ফেল দেখিয়েছে। এটা নিশ্চিত পরীক্ষকের ভুল। আমি ফেল করতে পারি না।

বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জয় দেব তার মার্কশিট দেখিয়ে বলেন, কৃষিতে ৭৮ নম্বর পেলেও আমার ফলাফল ‘এফ’ এসেছে! এটা কীভাবে সম্ভব। সাইদুল হক টিপু নামে আরেক শিক্ষার্থী জানান, তাকে বাংলায় ১ এবং ইসলাম শিক্ষায় ২ নম্বরের জন্য ফেল দেখানো হয়েছে। কিন্তু পরীক্ষায় সে অনেক ভালো করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী সাংবাদিকদের জানান, গণিতে তিনি উত্তরই করেছেন মাত্র ১৭ নম্বরের। পরীক্ষায় নিশ্চিত ফেল জানলেও ফলাফল দেখে তার চোখ চড়ক গাছ। সেখানে তিনি পেয়েছেন ৩৫ নম্বর! একই বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী দাবি করেন, ৩০ নম্বরের উত্তর করলেও ফলাফলে দেখেন তিনি ৫১ পেয়েছেন। এ সময় শিক্ষার্থীরা এমন আরো নানা অসঙ্গতি তুলে ধরে সাংবাদিকদের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে এর প্রতিকার চান।

আখাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শওকত আকবর খান জানান, ফলাফলের এমন অবস্থার কারণ এবং প্রতিকার নিয়ে আগামী ১৭ মে একটি সভা আহ্বান করা হবে। সেখানে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানরা উপস্থিত থাকবেন। তা ছাড়া প্রতি শিক্ষার্থী আলাদা আলাদাভাবে রিভিউ আবেদন করতে হবে। পরে বোর্ড এগুলো যাচাই করবে।
Exit mobile version