The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় গলাকেটে এক ব্যক্তিকে হত্যা । আগুনে পুড়ে আলামত নষ্টের চেষ্টা ।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গলাকেটে এক ব্যক্তিকে হত্যার পর আগুনে পুড়ে আলামত নষ্টের চেষ্টা করা হয়েছে। সোমবার পৌরশহরের টানপাড়া তিতনশাহ্ মাজার এলাকার ব্র্যাক স্কুল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

উদ্ধারের সময় লাশটির পাশ থেকে একটি প্লাস্টিকের কেরোসিনের বোতল, একটি কালো কাপড়ের ব্যাগ ও কিছু কাগজ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

স্থানীয় কাউন্সিলর শেখ জালাল উদ্দিন জালু জানান, আখাউড়া পৌরশহরের টানপাড়া গ্রামের বাসিন্দা ইরন মিয়ার ভাড়া দেয়া ঘরে সকালে আগুনে পোড়া এক ব্যক্তির লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে তিনি পুলিশে খবর দেন। তবে, তাকে এর আগে কেউ এ এলাকায় দেখতে পায়নি। তার পরিচয় সম্পর্কে কারো ধারণা নেই।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদারের ধারণা, পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে আলামত নষ্ট করে দিতে চেয়েছিল।  তিনি বলেন, লাশের মাথা ও মুখমণ্ডলে একাধিক গভীর আঘাতের চিহ্ন রয়েছে। লাশটির পাশে থাকা একটি ব্যাগে পাওয়া ট্রেনের টিকিটে দেখা যায় ১২ ফেব্রুয়ারি বিকালে নিহত ওই ব্যক্তি ফেনী থেকে আখাউড়ায় আসেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রোববার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা মনে করছে। অত্যন্ত জনবহুল ও রাস্তার পাশের একটি ঘরে সংঘঠিত এ পাশবিক হত্যাকাণ্ড স্থানীয়দের মাঝে আতঙ্কের সৃষ্টি করেছে।
Exit mobile version